সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল ও পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের কোবদাসপাড়া ও একডালা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন যুবলীগ কর্মী মো. রবিউল ইসলাম, ছাত্রলীগ কর্মী মো. আশরাফুল ইসলাম ওরফে সোহাগ ও মো. সাজু।

শুক্রবার (৩০ অক্টোবর) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. লিটন শেখসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

অন্যদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান এবং কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম ও গাড়িচালক আব্দুল গফুর। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু ও যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশের একটি টহল গাড়ির ঠিক পাশেই জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিল থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশে ‘একবারে মাইরা ফালামু’ বলে হুমকি দিতে শোনা যায়। এ সময় গাড়ির দরজা খোলা হলেও পরে তা বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশের গাড়িটি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে এবং দায়িত্বরত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।