ভারতের উত্তরাখণ্ডের বদ্রিনাথ থেকে দেহরাদুনের উদ্দেশ্যে উড্ডয়ন করা একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টার জশিমঠের কাছে বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে চিয়েন গ্রামের কাছে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর সেটির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই যৌথ উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং গুরুতর আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় আরোহীদের ভাগ্যে ঠিক কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মুখ্যমন্ত্রী তাঁদের নিরাপত্তার জন্য প্রার্থনা জানিয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, হেলিকপ্টারটি চলাচলের সময় সংশ্লিষ্ট এলাকায় ভারী তুষারপাত হচ্ছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত বছরের জুনেও উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছিল।