ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে জনগণের বিশ্বাসের মর্যাদা রাখা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়ে এই কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতি জানান ফয়সল আমিন।

ফেসবুক বার্তায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে লেখেন, বিজয়ের পেছনে মানুষের অফুরন্ত ভালোবাসা, মায়েদের দোয়া, শুভানুধ্যায়ীদের সমর্থন এবং দলীয় সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তিনি উল্লেখ করেন, বিজয়ের আনন্দের চেয়েও বড় বিষয় হলো জনগণের বিশ্বাসের আস্থা ধরে রাখা। ঠাকুরগাঁওয়ের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং প্রত্যাশা পূরণ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

তিনি আরও লেখেন, "আপনাদের ভালোবাসা আমার প্রেরণা, আপনাদের বিশ্বাস আমার শক্তি, আর ঠাকুরগাঁও আমার হৃদয়ের ঠিকানা। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।"

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমিন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৪৫৩ ভোট। ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।