রাজশাহী মহানগরীর বাসার রোড এলাকায় অবস্থিত ‘জিজিএফ ফাউন্ডেশন’ অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। নামমাত্র মূল্যে খাবার বিতরণ এবং মানবিক সহায়তার মাধ্যমে ইতোমধ্যে ফাউন্ডেশনটি এলাকায় ব্যাপক প্রশংস কুড়িয়েছে।
সাধারণত রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও বিভিন্ন মসজিদের সামনে নানা বয়সের অনেক অসহায় মানুষকে অলস বা অভুক্ত অবস্থায় বসে থাকতে দেখা যায়। যাদের অনেকেরই নিয়মিত দুবেলা খাবার জোটে না, পরনে থাকে মলিন ও ছেঁড়া পোশাক। এসব ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মাত্র ৫ টাকার বিনিময়ে একবেলা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছে জিজিএফ ফাউন্ডেশন। এই সামান্য টাকার বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভাত, সবজি ও মুরগির মাংসের মানসম্মত খাবার।
শুধু খাবার বিতরণই নয়, ফাউন্ডেশনটির লক্ষ্য প্রতিদিন অসহায় মানুষের জন্য একবেলা খাবারের স্থায়ী ব্যবস্থা করা। পাশাপাশি তাদের মাঝে নতুন বা ভালো পোশাক বিতরণ এবং অর্থাভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগও নিয়েছে সংগঠনটি।
জিজিএফ ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান, সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে এই ফাউন্ডেশন আরও বড় পরিসরে এবং নিয়মিতভাবে রাজশাহী অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে।