স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্পেনের ট্রেন অপারেটর এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিই জানিয়েছে, দুটি ট্রেন একই লাইনে চলছিল। এর মধ্যে একটি ট্রেন অপর ট্রেনটিকে অত্যন্ত দ্রুতগতিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার শিকার হওয়া দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ভ্রমণ করছিলেন। মোরা এবং ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে এবং দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাচ্ছিল।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ দুর্ঘটনায় গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছেন।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে ৪৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে ৫৪ বছর বয়সী এক যাত্রী জেসুস জেরোনিমো বলেন, ভয়াবহ সংঘর্ষের সময় ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান। প্রথমে তারা ভেবেছিলেন ট্রেন শুধু লাইনচ্যুত হয়েছে, কিন্তু পরে ধীরে ধীরে বাইরে এসে দেখতে পান ট্রেনটি একপাশে কাত হয়ে আছে এবং চারদিকে বহু আহত মানুষ ভয়ে কাঁপছেন।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট