কলকাতায় এক কিশোরীকে চুম্বন করার অভিযোগে অভিযুক্ত তরুণ, তাঁর বাবা এবং এক বন্ধুকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটতে বাধ্য করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গত রোববার কলকাতার সরশুনা থানা এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া তিনজনই ওই কিশোরীর পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার দিকে কলকাতার খালপাড় মাঠে ১৮ বছর বয়সী এক তরুণ ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে দেখা করতে যান, এবং সঙ্গে তাঁর ১৯ বছরের এক বন্ধুও ছিলেন। কথা বলার একপর্যায়ে তরুণ ওই কিশোরীকে চুম্বন করলে তা কিশোরীর এক আত্মীয় দেখে ফেলেন। তিনি কিশোরীর বাবা ও মামাকে বিষয়টি জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, কিশোরীর বাবা প্রদীপ সরকার ও মামা রাহুল বর্মন ওই দুই তরুণকে ধরে তাদের ক্ষুদিরামপল্লীর বাড়িতে নিয়ে যান এবং সেখানে মামা ফোন করে আরও কয়েকজন বন্ধুকে ডেকে নেন। বাড়ির ভেতর তাদের দীর্ঘক্ষণ ধরে হেনস্থা করার পাশাপাশি তরুণের বাবাকেও সেখানে ডেকে পাঠানো হয়। এরপর তিনজনের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাদের বিবস্ত্র হতে বাধ্য করা হয় এবং বাড়ির সামনের রাস্তায় নগ্ন অবস্থায় প্রায় ৫০ মিটার হাঁটানো হয়।

এই অমানবিক ঘটনায় তরুণ ও তাঁর বাবার ওপর চালানো শারীরিক ও মানসিক নির্যাতনের পর সোমবার তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে কলকাতার সরশুনা থানায় একটি মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী খুনের চেষ্টা, বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত, জোর করে তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটকে রাখা, সম্মানহানি ও ভয় দেখানোর অভিযোগের পাশাপাশি অস্ত্র আইনের ধারাও যুক্ত করা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত মূল অভিযুক্ত প্রদীপ সরকার, রাহুল বর্মন এবং কিশোরীর মা রিঙ্কু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।