স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

গত সোমবার স্পেনের সেভিলে তৃতীয় ‘বাংলাদেশ-স্পেন এক্সপো ২০২৬’ উদ্বোধনকালে তিনি স্প্যানিশ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেওয়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথাও স্মরণ করেন।

রপ্তানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, দেশের ওষুধ, চামড়া ও জুতা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্প খাতে বিদেশি বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে বাংলাদেশের পাটের অপার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি পরিবেশবান্ধব পণ্য, ফ্যাশন ও নকশাশিল্পে এর উদ্ভাবনী ব্যবহারের ওপর জোর দেন। এ ছাড়া সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বাজার সম্প্রসারণের সুযোগের কথাও তিনি তুলে ধরেন।

সেভিলের এই এক দিনের প্রদর্শনীতে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাটজাত পণ্য, রাসায়নিক ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন খাতের প্রায় ৪০টি বাংলাদেশি ও স্প্যানিশ প্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের একজন মন্ত্রী, সিনেটর, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই এক্সপোর মাধ্যমে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।