রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, গত রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৪০ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এছাড়া তেজগাঁও বিভাগে ৯২, ওয়ারী বিভাগে ৯৩, মতিঝিল বিভাগে ৮২, গুলশান ও লালবাগ বিভাগে প্রত্যেকে ৭৮ জন করে, উত্তরা বিভাগে ৫৭, রমনা বিভাগে ৩৬ এবং গোয়েন্দা বিভাগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদক ইস্কাফ। পাশাপাশি একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।