জামালপুরে নিখোঁজের তিনদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে হাবিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ৬ নম্বর নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা এলাকা থেকে তাঁর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক।

নিহত হাবিবুর রহমান সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি এলাকার জহির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনদিন আগে নিহত হাবিবুর রহমান নিজের বাড়ি থেকে দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তিনদিন নিখোঁজ থাকার পরও তাঁর পরিবারের লোকজন থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি। পরে শুক্রবার বেলা ১১টার দিকে কোচনধারা এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে নৌকায় যাওয়ার সময় স্থানীয় লোকজন পানিতে তাঁর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে দুপুর ২টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সজিব নামের স্থানীয় এক যুবক বলেন, আমরা কয়েকজন নৌকা করে নদী পার হচ্ছিলাম। হঠাৎ আমি মরদেহটি দেখতে পাই। পরে আমরা পুলিশকে ফোন করলে দুপুরের দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রথমে মরদেহটি অজ্ঞাত থাকলেও পরবর্তীতে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।