মধ্যপ্রাচ্য ও এর বাইরের অঞ্চলের অস্থিরতার জন্য মূল দায়ী হলো ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও মিসর।

শুক্রবার চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেন যে মধ্যপ্রাচ্যের সব ধরনের সমস্যার মূলে রয়েছে ইসরায়েলের দখলদারিত্ব।

বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে চলতে থাকা বিভিন্ন অন্যায়কে আরও বাড়িয়ে তুলছে ইসরায়েলের নীতিসমূহ।

চার দেশের পররাষ্ট্রমন্ত্রী ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।