রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে পূর্ণ নাগরিক মর্যাদায় নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সংগঠনটির কক্সবাজার জেলা শাখা আয়োজিত ‘উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ দাবি তুলে ধরা হয়।

বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ, বিশেষ করে কক্সবাজার অঞ্চল বহুমুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখে পড়ছে। রোহিঙ্গা শিবির ও আশপাশের এলাকায় মাদক পাচার, অপহরণ, মানবপাচার ও সহিংসতার মতো অপরাধ বাড়ায় স্থানীয়দের ওপর সার্বিক চাপ তৈরি হচ্ছে। এ সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল। প্রধান আলোচক হিসেবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ আশ্রয় দিলেও এই সংকটের টেকসই সমাধান হলো মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে ফিরিয়ে নেওয়া।

কক্সবাজার জেলা হেফাজতের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের স্বাগত বক্তব্যে আয়োজিত এ বৈঠকে রাজনৈতিক ও ধর্মীয় নেতা, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক ও আইনজীবীরা অংশ নেন।