যশোরের চৌগাছায় সাত বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভগবানপুর এলাকা থেকে অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার এলাহি বক্সের ছেলে বলে জানা গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মায়ের সঙ্গে তার আগের স্বামীর প্রায় চার বছর আগে পারিবারিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। পরে শহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হলে শিশুটি মায়ের সঙ্গে তাঁর বাড়িতে বসবাস করত।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়ির বাইরে বাথরুমে গেলে এ সুযোগে শহিদুল ইসলাম শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি জানতে পারেন।

এ নিয়ে শিশুটির মা ও অভিযুক্তের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে যান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে অভিযুক্ত শহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে বিষয়টি মীমাংসা না হওয়ায় শিশুটির মা আইনের আশ্রয় নেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি মেয়েকে সঙ্গে নিয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।

শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।