মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর। এ সময় তিনি উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় কঠোর নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পূজার অতিরিক্ত চাপের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি নিয়মিত মনিটরিং করা হচ্ছে।”

তিনি আরও জানান, পিরোজপুর জেলায় স্থায়ী ডুবুরি সেবার ব্যবস্থা করা হবে এবং ট্রলার পারাপারের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘাটের জনদুর্ভোগ কমাতে ফেরি পরিষেবা সম্প্রসারণ, নতুন ফেরিঘাট স্থাপন এবং সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা সহ ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর যৌথ ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।