সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন ছিলেন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৯ অক্টোবর) বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে ঐ দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

একই সঙ্গে সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। অনেকেই ভিন্ন রুটে দেশে ফেরার চেষ্টা করছেন, আবার ফ্লাইট বাতিলের কারণে অনেকেই ফিরতে পারছেন না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

এসময় জাপানের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন চুক্তি বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্রলি হস্তান্তর অনুষ্ঠানের বিষয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, বিমানবন্দরে অতিরিক্ত ট্রলি যুক্ত হওয়ার ফলে প্রবাসী যাত্রী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকটা কমবে।