রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের অদূরে রেসিডেনসিয়াল মডেল কলেজ সংলগ্ন ফুটপাথে কথিত ‘নাগরিক সংগঠনের’ মাদকবিরোধী অভিযান চলাকালে এক যুবকের মাথা ফাটিয়ে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম আরিফ হোসেন (৩০)। তাঁর মাথায় চারটি সেলাই পড়েছে এবং ঘটনার পর থেকে দায় এড়ানোর চেষ্টা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজের কার্যালয়ের লোকজন ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সেসময় আরিফ হোসেনকে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধান। তিনি জানান, স্থানীয় একটি নাগরিক সংগঠন মাঝেমধ্যে এমন অভিযান পরিচালনা করে থাকে, যার সাথে সংসদ সদস্য বা তাঁর দপ্তরের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

অন্যদিকে, পুলিশের পক্ষ থেকেও মিলেছে অসংলগ্ন বক্তব্য। মোহাম্মদপুর থানার এক কর্মকর্তা প্রথমে জানান, নাগরিক সমাজ ও পুলিশের সম্মিলিত অভিযানে ধস্তাধস্তির সময় আরিফ আহত হন। পরবর্তীতে তিনি বক্তব্য পরিবর্তন করে দাবি করেন, পুলিশ তাকে আটক করেনি; বরং সাধারণ জনগণ তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। আরিফ মাদকসেবী কি না, তা নিশ্চিতে তাকে ডোপ টেস্টের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন ১৭ অক্টোবর ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন গেণ্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক বিতর্কের মুখে পড়েন। সেই বিতর্কের জেরে ১৯ অক্টোবর দুপুরে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।