তুরস্কের আন্তালিয়ায় আয়োজিতব্য ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রামিস সেন তুরস্কে ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’-এর ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১) এর প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
কথোপকথনের একপর্যায়ে রাষ্ট্রদূত ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে জানতে চান। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বলে নিশ্চিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করেন, এই গুরুত্বপূর্ণ সম্মেলনের পাশাপাশি উভয় দেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।