রাজধানীর সড়ক ও গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যেকোনো নীতি প্রণয়নে তাদের সরাসরি সম্পৃক্ত করার অঙ্গীকার করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক ও সচিব মশিউর রহমান।

বৃহস্পতিবার বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে ডিটিসিএ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, 'নাথিং অ্যাবাউট আস উইদাউট আস' নীতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনায় প্রতিবন্ধীদের মতামত অগ্রাধিকার পাবে।

পাশাপাশি বাসে নির্ধারিত আসন নিশ্চিত করা, সামাজিক মানসিকতার ইতিবাচক পরিবর্তন আনা এবং পরীক্ষামূলকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অডিও ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ নেওয়া হবে। সভায় প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি, বিআরটিসি, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।