জার্মানির বোখাম শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে দুজন নারী (বয়স ২৫ ও ২৭ বছর) এবং একজন পুরুষ (বয়স ২৬ বছর) রয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে (রাত ৪টা ১৬ মিনিটের দিকে) জরুরি সেবা নম্বরে আগুন লাগার খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। সিঁড়ির ফাঁক দিয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ভবনে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হয়।
প্রাথমিকভাবে এটি একটি সাধারণ অগ্নিকাণ্ড মনে হলেও, পুলিশের প্রাথমিক তদন্তে ভবনে বৈদ্যুতিক বা অন্য কোনো কারিগরি ত্রুটির প্রমাণ মেলেনি। তদন্তকারীরা ধারণা করছেন, ইচ্ছাকৃতভাবেই ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
এই পুড়িয়ে হত্যার অভিযোগে পুলিশ ইতোমধ্যে ৪১ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের মাত্র দুদিন আগে (গত রবিবার) ওই ভবনে দুটি পক্ষের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব হয়েছিল, যা নিয়ন্ত্রণে পুলিশকেও তলব করতে হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
(সূত্র: হিন্দুস্তান টাইমস)