চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে জড়িয়ে ধরে তার পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টার অভিযোগে সুরেশ কান্তি দাশ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটকোলামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক সুরেশ কান্তি দাশ কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেন সুরেশ এবং একপর্যায়ে তার পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, “এক ছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার চেষ্টার অভিযোগে স্থানীয়রা এক যুবককে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”