ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কলকাতার কালীঘাট এলাকার নিজ বাড়ির সামনে ছুরিকাঘাত করার চেষ্টা করেছেন এক নারী।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের (মমতাপন্থি) সাধারণ সম্পাদক দোলা সেন।

এ ঘটনায় ইতোমধ্যেই কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোলা সেন। অভিযোগে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে এবং তৃণমূল কংগ্রেসের মমতাপন্থি নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় কালীঘাট মিলন সঙ্ঘের পূজায় যোগ দিতে মমতার বাড়ি থেকে বের হচ্ছিলেন। বাড়ির গেট পেরোনোর পরই এক নারী মমতাকে ‘পিসি’ বলে সম্বোধন করে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন।

সঙ্গে থাকা লোকজন ও নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে আটকে দিলে ওই নারী রাস্তায় শুয়ে গালিগালাজ করতে থাকেন। দোলা সেন অভিযোগ করেন, ওই নারী মদ্যপ অবস্থায় ছিলেন এবং মমতার দিকে তেড়ে আসার সময় তাঁর হাতে একটি ছুরি ছিল। ঘটনাটির সময় সেখানে দাঁড়িয়ে থাকা রাজ্য পুলিশের দুজন কর্মীকে অবহিত করা হলেও তারা উদ্ধার বা ব্যবস্থা নিতে অপারগতা জানান এবং নিজেদের অন্য এখতিয়ারভুক্ত এলাকার পুলিশ পরিচয় দেন।

এদিকে, খবর পেয়ে দ্রুত তৎপর হয় কলকাতা পুলিশ। গত মঙ্গলবার রাতেই হামলাকারী ওই নারীকে আটকের তথ্য নিশ্চিত করেছে পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি ও আনন্দবাজার জানিয়েছে, আটককৃত নারীর নাম অনুসূয়া সাহা। তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা। অতীতে তিনি সিভিক ভলান্টিয়ার (কমিউনিটি পুলিশ) হিসেবে কাজ করলেও গত এক বছর ধরে ডিউটিতে ছিলেন না। ঘটনার পেছনের উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।