টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরবর্তীতে চলাচলের পথ না পেয়ে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী রাস্তার মাঝে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামের এক ব্যক্তির মরদেহ দাফন করেছেন।

সোমবার (১২ অক্টোবর) সকালে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে।

জানা গেছে, শনিবার রাতে তিনি অসুস্থ অবস্থায় মারা গেলে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। গ্রামবাসী ও মৃত ব্যক্তির স্বজনরা রাস্তা খুলে দেওয়ার অনুরোধ জানালেও প্রতিবেশীরা তাতে সাড়া দেননি।

এলাকাবাসীর বরাতে জানা যায়, বিলপালিমা বর্তা বিলের প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছিল এবং সেখানে ঘর তোলা হয়েছিল। শেষ পর্যন্ত সোমবার সকালে উপায় না পেয়ে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে রাস্তার ওপর তৈরি করা ঘর ও টিনের বেড়া ভেঙে দাফনের ব্যবস্থা করেন।

বাংড়া ইউনিয়নের ইউপি সদস্য ও কালিহাতী থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।