কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে একটি অজ্ঞাত গাড়ির চাপায় নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর জামে মসজিদের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে শরীরচর্চার জন্য তারা দুজন মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। হরিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দেয়। এতে তারা মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।