পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ‘এআই অ্যান্ড ইনোভেশন ডায়ালগ’ সম্মেলনে আগামী দিনে দেশের প্রযুক্তি খাতের নানা অগ্রগতির রূপরেখা তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, সরকারের বাস্তবমুখী নীতির ফলে শিগগিরই দেশে সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচারের ফোন উৎপাদন সম্ভব হবে। এছাড়া আগামী ১২ মাসের মধ্যে দেশের নিজস্ব সার্বভৌম এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল কাজে লাগাতে সমন্বিত সরকারি উদ্যোগের তাগিদ দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য 'জ্ঞানভিত্তিক কর্মী' গড়ে তোলার ওপর জোর দেন। অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সংলাপে দেশি-বিদেশি প্রতিনিধি ছাড়াও ৮৫টি কূটনৈতিক মিশন অনলাইনে অংশ নেয়।