চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা ও কারিগরি দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সিডিডিএলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন। সিডিডিএল কর্তৃপক্ষ জানায়, ১৯৮৫ সালে যাত্রা শুরু করলেও আর্থিক ক্ষতির মুখে পড়ার পর ২০১৫ সালে একে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এটি আন্তর্জাতিক মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছে।

এখন পর্যন্ত সিডিডিএল ১,০৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে। ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকেও দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য অবকাঠামো ও জনবল উন্নয়নের প্রাথমিক কাজ চলছে। জাহাজ ছাড়াও প্রতিষ্ঠানটি বিদ্যুৎকেন্দ্র, চিনি ও স্টিল মিলসহ বিভিন্ন মৌলিক শিল্পের প্রয়োজনীয় ইস্পাত কাঠামো ও যন্ত্রপাতি তৈরি করছে। আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানটি আইএসও (ISO) সনদপ্রাপ্ত।