পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি এ সফরে গিয়েছেন।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।