রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় সেকান্দার আলী (৭২) নামে সাবেক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেকান্দার আলীর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। তিনি বসুন্ধরা আবাসিক এলাকাতেই বসবাস করতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. রোকন উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!