গাইবান্ধায় পুকুরে গোসল করার সময় তর্কের জেরে বন্ধু রাহাতকে (১৫) পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ একটি দল। শনিবার (১১ জুলাই) রাতে ঢাকার খিলক্ষেত ও বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণসিংহা গ্রামের সাকিন (১৫) এবং রিফাত (১৫)।
গত ১৬ জুন বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে তিন বন্ধু সাকিব, রিফাত ও রাহাত। গোসলের সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও তর্কের একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে ধরে পানির নিচে চুবিয়ে রাখে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পরে রাহাতকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এই হত্যাকাণ্ডের পরদিন অর্থাৎ ১৭ জুন সকালে নিহতের বিক্ষুব্ধ স্বজনরা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে ১৯ জুন নিহত রাহাতের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ওই দুই কিশোরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে প্রথমে সাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে রিফাতকে আটক করা হয়। বর্তমানে তাদের গাইবান্ধায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!