টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে ক্রীড়ামোদীদের প্রতীক্ষিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (১৯ জুলাই) মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মদ লায়লা আন্জুমান বানু, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিম্স, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি রিজভী আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক এই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মধুপুর উপজেলা একাদশ ও ঘাটাইল উপজেলা একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে মধুপুর একাদশকে ০/১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ঘাটাইল একাদশ।

ফুটবল প্রেমী স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং এলাকায় ক্রীড়া উৎসবের আমেজ ছড়িয়ে দেবে।