সুইডেনের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সংবাদ সম্মেলনে এসে কিছুটা হাস্যরস ও আত্মবিশ্বাসের সাথেই কথা বলেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ দিদিয়ের দেশম। সুইডেনকে বড় ব্যবধানে হারিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলা ফ্রান্সের পরবর্তী লক্ষ্য এখন প্যারাগুয়ে।
ম্যাচ শেষে সুইডেনের কোচ গ্রাহাম পটারের দীর্ঘ সংবাদ সম্মেলনের পর যখন দিদিয়ের দেশম আসলেন, তখন সাংবাদিকের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় ফ্রান্সের মিডিয়া ম্যানেজারকে। দেশমের প্রতিটি কথায় ছিল দলের প্রতি আস্থা এবং একই সাথে সতর্কবাণী।
ফ্রান্সের অপ্রতিরোধ্য পারফরম্যান্স প্রসঙ্গে দেশম বলেন, ‘আমরা ধাপে ধাপে ধীরস্থিরভাবে এগোতে চাই। জয় এবং গোল পেলেও উন্নতির জায়গা থাকে। আমরা দুটি গোল হজম করেছি, এটিও ভাবার বিষয়।’ প্রথমার্ধে সুইডেন কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ফ্রান্সের গতির কাছে তারা কার্যত অসহায় আত্মসমর্পণ করে। দেশম বলেন, ‘আমাদের এক্সিলেন্ট ফুটবলার রয়েছে। আমরা ম্যাচে সবসময় গতি সঞ্চারের চেষ্টা করেছি, আর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ কিছুটা ক্লান্ত ছিল।’
কিলিয়ান এমবাপের পাশাপাশি মাইকেল ওলিসেকে নিয়েও একাধিক প্রশ্ন ছিল সাংবাদিকদের। দেশম কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে আলাদা করে বলতে না চাইলেও ওলিসের প্রশংসা করে বলেন, ‘ওলিসে অবশ্যই দারুণ একজন খেলোয়াড়। ডিফেন্স ও আক্রমণ—উভয় ক্ষেত্রেই তার ভূমিকা থাকে।’
জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ফ্রান্স শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। প্রি-কোয়ার্টারে প্যারাগুয়ের বিপক্ষে লড়াইয়ের প্রশ্নে দেশম অতীতের স্মৃতি রোমন্থন করে মজার ছলে বলেন, ‘প্যারাগুয়ের সঙ্গে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। তখন আমার বর্তমান দলের অনেক খেলোয়াড়ের জন্মই হয়নি! প্যারাগুয়ে একটি ব্যালেন্সড দল, তাদের নিয়েই আমরা এখন পরবর্তী পরিকল্পনা সাজাব।’
সংবাদ সম্মেলনের শেষদিকে সাংবাদিকদের অনেক প্রশ্নের পরেও হাসি মুখে বিদায় নেন এই ফরাসি কোচ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!