ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় শৃঙ্খলা ফেরাতে অ্যাপয়েন্টমেন্ট বা টাইম স্লট নির্বাচনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

বুধবার (১ জুলাই, ২০২৬) থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

এখন থেকে আবেদনকারীরা নিজেদের পছন্দমতো টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। ভিসা আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে। প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা বা ক্যাপাসিটি অনুযায়ী সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করবে। বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) সব ধরনের ভিসার আবেদনের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

আইভ্যাক কর্তৃপক্ষ ভিসা আবেদন প্রক্রিয়া নির্বিঘ্নে ও সময়মতো সম্পন্ন করার জন্য আবেদনকারীদের প্রতি বিশেষ পরামর্শ দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ কপিতে যে নির্ধারিত সময় উল্লেখ থাকবে, আবেদনকারীকে সেই সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকতে হবে।

আইভ্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যবস্থার ফলে আবেদনের ভিড় ও বিশৃঙ্খলা কমবে এবং ভিসা কার্যক্রম আরও গতিশীল হবে।