নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদার। 

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংক তাকে এই এনওসি প্রদান করে, যার ফলে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত হলো।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহেই তিনি নতুন এমডি হিসেবে যোগ দেবেন। আবেদুর রহমান সিকদার বলেন, “সব ধরনের প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব আমি নতুন দায়িত্ব গ্রহণ করব।” ব্যাংকটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসানও বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন এমডি যোগদানের মাধ্যমে পাঁচটি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংকের (এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক) একীভূতকরণ কার্যক্রম, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া এবং সামগ্রিক পুনর্গঠনের কাজে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন পূর্ণকালীন এমডি না থাকায় ব্যাংকটির কার্যক্রম ধীরগতিতে চলছিল, যার ফলে আমানতকারীদের টাকা উত্তোলন এবং প্রযুক্তিগত একীভূতকরণের কাজে বিলম্ব হচ্ছিল। ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই ব্যাংকে সরকারের অংশীদারিত্ব রয়েছে ২০ হাজার কোটি টাকা। ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় এই পাঁচটি ব্যাংককে একীভূত করা হয়।

নতুন এমডির যোগদানের ফলে ব্যাংকের করপোরেট সুশাসন নিশ্চিতকরণ, তারল্য ব্যবস্থাপনা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের প্রক্রিয়া বেগবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ব্যাংকটিতে কোম্পানি সেক্রেটারি, সিএফও এবং সিটিও নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।