ভারতের নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তাকে সরকারপ্রধান হিসেবে নয়, বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে এরই মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর চারটায় তার বিমান দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে। শুক্রবার দুপুর আড়াইটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আমন্ত্রিত নেতাদের অধিকাংশই শনিবার (১২ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছাবেন।
বিশ্বে কোনো একক দেশের একক আধিপত্য বা মোড়লপনা ভেঙে একটি বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক এই বিনিয়োগ কৌশল সংস্থাটি। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সর্বোচ্চ বাণিজ্যিক সম্পর্ক ও পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করাই এর অন্যতম প্রধান উদ্দেশ্য।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!