কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব, ডিবিসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা ও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান প্রবেশপথগুলো ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ আটকে রাখা হয়েছে। পাশেই অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সশস্ত্র সদস্যরা। এই এলাকায় জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা যেন কোনো ধরনের কর্মসূচি বা জমায়েত করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আজ কাউকে ৩২ নম্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ ৬টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এই সংক্রান্ত একটি জরুরি চিঠি ইস্যু করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ (২৩ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।