রাজধানীর উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় তীব্র যানজটে দীর্ঘ সময় আটকে থেকে সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন, ঠিক তখন জনদুর্ভোগের অবসান ঘটাতে রাজপথে নেমে এলেন উত্তরখান থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন। নিজ হাতে ট্রাফিকের দায়িত্ব পালন করে তিনি ওই এলাকার যানজট নিরসন করেন এবং গাড়ি চলাচলের পথ সুগম করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মাজার চৌরাস্তা এলাকায় হঠাৎ তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ যাবত রাস্তায় শৃঙ্খলা না থাকায় শত শত যানবাহন আটকে পড়ে, ফলে সাধারণ যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা চরম বিপাকে পড়েন।
জনসাধারণের এই তীব্র দুর্ভোগ ও কষ্ট নিজ চোখে দেখে বসে থাকতে পারেননি স্থানীয় রাজনৈতিক নেতা আশরাফ উদ্দিন। তাৎক্ষণিকভাবে তিনি রাজপথে নেমে আসেন এবং নিজেই ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সঙ্গে বিভিন্ন দিক থেকে আসা যানবাহন নিয়ন্ত্রণ করেন এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তাঁর এই স্বতঃস্ফূর্ত উদ্যোগে দ্রুতই যানজট কমতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে মাজার চৌরাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
হঠাৎ একজন রাজনৈতিক নেতাকে রাজপথে এভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখে পথচারী ও স্থানীয় চালকরা সাধুবাদ জানান। সাধারণ মানুষ তাঁর এমন জনবান্ধব ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, নেতার এ ধরনের মানবিক উদ্যোগ ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সত্যিই প্রশংসনীয়। যখনই সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়ে, ঠিক তখনই এমন দায়িত্বশীল নেতৃত্ব মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
নিজের এই উদ্যোগ সম্পর্কে আশরাফ উদ্দিন বলেন, "জনগণের দুর্ভোগ লাঘব করা এবং তাদের সেবা করাই রাজনৈতিককর্মীদের প্রধান দায়িত্ব। মাজার চৌরাস্তায় দীর্ঘ যানজটে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছিল, যা দেখে আমি ঘরে বসে থাকতে পারিনি। সাময়িক সময়ের জন্য নিজেই ট্রাফিকের দায়িত্ব পালন করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছি। জনগণের সেবায় ভবিষ্যতেও আমাদের এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।"

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!