অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বৈবাহিক অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, সমন্বিত ডাটাবেজে বৈবাহিক তথ্য সংরক্ষিত থাকায় দেশ-বিদেশ থেকে তা দ্রুত যাচাই করা সম্ভব হবে। ফলে তথ্য গোপন করে বিয়ে বা পর্যায়ক্রমে বিবাহ অস্বীকারের সুযোগ কমবে। পাশাপাশি আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ও পূর্ববর্তী বিবাহের তথ্য সহজেই যাচাই করা যাবে, যা বহুবিবাহ রোধেও কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ তথ্য জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।
‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক্স’ পাইলট প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে ৫টি জেলার ২৭ জন নিকাহ রেজিস্ট্রার অংশ নিচ্ছেন। তাদের দক্ষতা বৃদ্ধি ও পর্যায়ক্রমে সারাদেশের কাজ কাজীদের আওতায় আনার কথা বলেন মন্ত্রী। এছাড়া, তিনি সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি ব্যবস্থা চালুর উদ্যোগ এবং নিকাহ রেজিস্ট্রারদের উত্তরসূরিদের অগ্রাধিকার দিতে যুগোপযোগী আইন প্রণয়নের আশ্বাসের কথাও তুলে ধরেন। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!