ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‍্যাম্পের নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। একই সঙ্গে প্রকল্পের অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং অর্থায়ন প্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করার তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সেতু ভবনে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) চীনা প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।

বৈঠকে প্রকল্পের অর্থায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হলে চীনা প্রতিনিধিদল জানায়, অর্থায়ন কার্যক্রম দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে। বিকল্প ঋণদাতা হিসেবে চীনের শ্যানডং প্রদেশের শীর্ষস্থানীয় দুটি ব্যাংক ইতোমধ্যে এ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

সেতু সচিব পান্থকুঞ্জ অংশের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার অনুরোধ জানানোর পাশাপাশি কাজের গতি বাড়াতে অতিরিক্ত জনবল মোতায়েনের নির্দেশ দেন। এ সময় তিনি টোল প্লাজাগুলোতে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আরএফআইডি-ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা দ্রুত চালু করারও তাগিদ দেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও পরিচালনাগত সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বৈঠকে সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) সময়ভিত্তিক পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন ও নির্মাণকাজ চলাকালে প্রকল্প এলাকার নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর ও সায়েদাবাদ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার (র‍্যাম্পসহ) দৈর্ঘ্যের এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বৈঠকে সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ এফডিইই এবং সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।