নিজের ব্যক্তিগত জীবনের কথা সচরাচর প্রকাশ না করলেও সম্প্রতি এক গোপন প্রেমের গল্প শেয়ার করলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। যুক্তরাজ্যের লন্ডনে 'এসকেটি ওয়েলফেয়ার'-এর তহবিল সংগ্রহের এক মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এক বিবাহিত সহশিল্পীর প্রেমে পড়ার স্মৃতি রোমান্থন করেন।
সাবা জানান, দুই থেকে চার বছর আগে তিনি ওই অভিনেতার প্রেমে পড়েছিলেন, যদিও মূলত তাঁর সিনেমার চরিত্রের প্রতিই একধরনের মুগ্ধতা তৈরি হয়েছিল। তবে অভিনেতা টেলিভিশন নাটকের নন, একজন চলচ্চিত্র তারকা বলে তিনি ইঙ্গিত দেন। অবশ্য কার সঙ্গে এই প্রেমের অনুভূতি হয়েছিল, সেই নাম প্রকাশ করেননি সাবা। বিষয়টি নিয়ে অনুষ্ঠান সঞ্চালক গুগলে সিনেমার তালিকা অনুসন্ধানের প্রস্তাব দিলে হেসে উঠে সাবা তা বন্ধ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে মজার ছলে ভালোবাসার ঘোর কাটার গল্পও শোনান সাবা। তিনি জানান, তাঁর ১৪ বছর বয়সী ভাগ্নি তাঁকে বলেছিল, "খালা, তুমি জঙ্গলে শুটিংয়ের নির্জন পরিবেশ পেয়েছিলে বলেই হয়তো তোমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল!" ভাগ্নির এই মন্তব্য শুনেই তাঁর সেই বিশেষ অনুভূতির ঘোর কেটে যায়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!