নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে আবু তাহের (৬০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে না নিয়ে ওঝার কাছে বিষ নামানোর অপচেষ্টায় মূল্যবান সময় নষ্ট করায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবু তাহের বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় আবু তাহেরের বাম কাঁধে বিষধর সাপ কামড় দেয়। তবে সাপ দেখতে না পাওয়ায় প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি পরিবারের সদস্যরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে না নিয়ে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।
ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করায় বেশ কিছু সময় অপচয় হয়। এরপর সকাল ৮টার দিকে অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করতে না পারায় চিকিৎসকদের চিকিৎসা শুরু করতেও কিছুটা বিলম্ব হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সাপের দংশন নিশ্চিত করে অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি চল0কালে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!