চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে (পিসিটি) ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ কন্টেইনার বা ৮২ টিইইউস হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশ জানিয়েছে, নতুন শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন ব্যবহার করে এই অভাবনীয় সাফল্য অর্জন করা হয়েছে, যা চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে।
গত ১০ সেপ্টেম্বর পিসিটিতে সিএমএ সিজিএমের জাহাজ এমভি ওয়ানেন-এ কন্টেইনার ওঠানামার সময় এই রেকর্ড অর্জিত হয়। এটি নতুন এসটিএস ক্রেন চালুর পর কোনো গিয়ারলেস জাহাজে তাদের প্রথম অপারেশন ছিল। গিয়ারলেস জাহাজে নিজস্ব ক্রেন না থাকায় সম্পূর্ণভাবে টার্মিনালের তীরের ক্রেনের ওপর নির্ভর করতে হয়, যেখানে ক্রেনের গতি ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরএসজিটি বাংলাদেশের তথ্য অনুযায়ী, এর আগে চট্টগ্রাম বন্দরের কন্টেইনারবাহী জাহাজে গড়ে ঘণ্টায় প্রায় ৩০ কন্টেইনার বা ৪৮ টিইইউস হ্যান্ডলিং করা হতো। তুলনামূলকভাবে পিসিটিতে অর্জিত ঘণ্টায় ৫৮ কন্টেইনার হ্যান্ডলিংয়ের হার আগের গড়ের চেয়ে প্রায় ৯৩ শতাংশ বেশি। পাশাপাশি ৮২ টিইইউস হ্যান্ডলিংয়ের এই হার পূর্বের ৪৮ টিইইউস গড়ের তুলনায় প্রায় ৭১ শতাংশ বেশি।
প্রতিষ্ঠানটির মতে, এই অপারেশনাল গতি অব্যাহত রাখা গেলে জাহাজের বন্দরে অবস্থানের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, বার্থের ব্যবহার বৃদ্ধি পাবে এবং সামগ্রিক জাহাজ-সংশ্লিষ্ট ব্যয় কমবে। এর ফলে দেশের কন্টেইনার পরিবহনের পুরো সরবরাহ ব্যবস্থায় মূল্যবান সময় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরউইন হানে এক বিবৃতিতে জানান যে, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা, দক্ষ জনবল এবং সুশৃঙ্খল পরিচালনার যৌথ ফলেই এই রেকর্ড সম্ভব হয়েছে। দেশের ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের চাহিদা মেটাতে আধুনিক অবকাঠামো ও প্রযুক্তি খাতে তাদের এই বিনিয়োগ এবং কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!