আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতিকে লক্ষ্য করে তেহরান এই পদক্ষেপ নিতে পারে বলে মনে করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার দীর্ঘ ইতিহাস রয়েছে ইরানের। বিশেষ করে নির্বাচনের সময় তারা এই কৌশল বেছে নেয়। জিমি কার্টার থেকে শুরু করে সাম্প্রতিক প্রায় সব মার্কিন প্রশাসনের আমলেই ইরান এমনটি করেছে।
জোয়ে হুড জানান, একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবং মার্কিন ভোটাররা পেট্রোলের দামের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ইরান এই সময়টিকে হামলার মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো কূটনৈতিক আলোচনা না থাকায় একটি অচলাবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে সাবেক এই কূটনীতিক জানান, এই সংকট কাটাতে মধ্যস্থতাকারী দেশগুলোকে চমকপ্রদ ও কার্যকর কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো যদি উপসাগর ও উত্তর আরব সাগরে নৌশক্তি মোতায়েন করে হরমুজ প্রণালির নজরদারি নিজেদের হাতে নেয়, তবে জাহাজে হামলা এবং মার্কিন নৌ-অবরোধের প্রয়োজনীয়তা এড়ানো সম্ভব হতে পারে বলে মনে করেন তিনি।
সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!