টাঙ্গাইলের মধুপুরে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। অরণখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক, জয়নাল আবেদীন বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, আইসিটি কর্মকর্তা শিমুল, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক এবং এসআই আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতন সমাজের শান্তি এবং অগ্রগতির বড় অন্তরায়। কেবল আইন প্রয়োগ করে এসব অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়; এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের কবল থেকে বাঁচাতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ রোধে অভিভাবক, শিক্ষক, ইমাম ও কাজীদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, কাজী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!