ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদানের অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়ে একটি গোল করে এই কীর্তি গড়েন কাভান। একই সঙ্গে এই জয়ে রেড বুলসের টানা সাত ম্যাচের অপরাজেয় ধারাও ভেঙে দিয়েছে তার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফিলাডেলফিয়া। ২১ মিনিটে মিলান ইলোস্কির ক্যারিয়ারসেরা ১১তম গোলে ম্যাচে প্রথম লিড নেয় তারা। এরপর ম্যাচের ৫০ মিনিটে নিজেদের আধিপত্য আরও বাড়িয়ে নেন কাভান সুলিভান। রেড বুলসের বক্সে ঢুকে দারুণ দক্ষতায় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের জোরালো শটে দূরের পোস্টে বল জড়ান তিনি। চলতি মৌসুমে নিজের ৩৪তম ম্যাচে এটি তার তৃতীয় গোল। এই গোলটির সুবাদে ফিলাডেলফিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

ম্যাচের ৬৫ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন ১৮ বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার নীল পিয়েরে। ব্রুনো দামিয়ানি ও ইলোস্কির সহায়তায় গোল করে দলের স্কোর ৩-০ করেন তিনি। এরপর ম্যাচের ৭৪ মিনিটে রেড বুলসের অভিজ্ঞ ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোটিং একটি গোল শোধ করে ব্যবধান ৩-১ করলেও শেষ পর্যন্ত জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন।