অভিভাবকদের কেবল বিদ্যালয়ে পাঠানোতেই সীমাবদ্ধ না থেকে সন্তানের সার্বিক বিকাশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে—সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখার ওপর জোর দিয়েছেন তিনি।
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বর্তমান আকাশ সংস্কৃতি ও প্রযুক্তির ব্যাপক ব্যবহারের এই যুগে বাবা-মা সচেতন না হলে সন্তানরা ভুল পথে ধাবিত হয়ে মাদকাসক্তিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারে। সন্তান পড়াশোনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, তা অভিভাবকদেরই নজরদারি করতে হবে।
একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল অর্জনকারী নয়, বরং সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার তাগিদ দেন মন্ত্রী।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!