গাজীপুরের টঙ্গীতে সিজারিয়ান অপারেশনের সময় জরায়ু কেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এক প্রসূতি ও তার নবজাতক কন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ আগস্ট) রাতে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকার ‘নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে’ এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত প্রসূতির নাম তামান্না (২১)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও মীরের বাজার এলাকার মো. সিদ্দিক মিয়ার মেয়ে এবং মো. রবিউল ইসলাম তুহিনের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সন্তান প্রসবের উদ্দেশ্যে তামান্নাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের গাইনি ও অবস বিভাগের সার্জন ডা. ফারহানা আক্তারের তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, অপারেশন চলাকালে ভুলবশত জরায়ু কেটে যাওয়ায় প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
রোগীর অবস্থার মারাত্মক অবনতি হলে রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না রেখে অ্যাম্বুলেন্সে করে তাঁকে উত্তরার শিন শিন হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে প্রসূতি তামান্নাকে মৃত ঘোষণা করেন। এর আগেই সিজারিয়ান অপারেশনের পর নবজাতক কন্যাশিশুটিও নিউ লাইফ হাসপাতালেই মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ডা. ফারহানা আক্তারের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া হাসপাতালটির যোগাযোগের অফিশিয়াল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা পুলিশ খতিয়ে দেখছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে গভীর রাতে স্থানীয় কয়েকজন ও নিহতের পরিবার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলেও একটি সূত্র থেকে তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত কমিটি গঠন সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তা আমলে নিয়েও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!