ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি আবাসিক হোটেলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ আনুষ্ঠানিকভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে কলকাতা থেকে মরদেহগুলো বাংলাদেশে পৌঁছায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বুধবার (১৯ আগস্ট) কলকাতার একটি হোটেলে সংঘটিত ওই অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক প্রাণ হারান। দুর্ঘটনার পর থেকেই কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ এবং নিহতদের পরিবারের সঙ্গে নিবিড় সমন্বয় করে মরদেহগুলো দ্রুত দেশে ফেরত পাঠানোর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাতক্ষীরার নিহত এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং একই পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে দেশে আনা হয়। একই সীমান্ত দিয়ে ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এদিকে সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছানুযায়ী গত রাতেই কলকাতায় সৎকার করা হয়েছে। এই প্রক্রিয়ার ক্ষেত্রেও বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে আর্থিকসহ সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

কলকাতার এই আকস্মিক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে মন্ত্রণালয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।