আইনি প্রক্রিয়া শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেলে তাকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
তার আইনজীবী মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে দায়ের হওয়া মোট ৯টি মামলার সবকটিতেই তিনি জামিন পেয়েছেন। এজাহারভুক্ত আসামি হিসেবে অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোয় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত গত সোমবার রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির পর ‘নো অর্ডার’ দেওয়ায় তার কারামুক্তির পথ উন্মুক্ত হয়। রেস্টুরেন্ট কর্মী উজ্জ্বল মিয়া হত্যাচেষ্টার মামলায় গত বছর ২৫ নভেম্বর তাকে আসামি করা হলেও তিনি মূলত কারাগারে বন্দি ছিলেন ২০২৫ সালের ২৭ এপ্রিল থেকেই।
গত বছর ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ সময় কারাবাসের পর অবশেষে তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেলেন।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। পরবর্তীতে ২০১৩ সালে তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর ১৩ আগস্ট তিনি আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!