দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, আধুনিকায়ন এবং সবার জন্য উন্নত যোগাযোগসেবা নিশ্চিত করতে প্রকৌশলীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

গত বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে ২৭তম বিসিএস (টেলিযোগাযোগ) ক্যাডারে যোগ দেওয়া সহকারী বিভাগীয় প্রকৌশলীদের সঙ্গে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে টেলিযোগাযোগ ব্যবস্থা একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। বাংলাদেশও দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে দক্ষ মানবসম্পদ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি।

নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব কেবল একটি চাকরি নয়, এটি জনগণের সেবা করার একটি বড় সুযোগ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, জবাবদিহি ও দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা নিয়মিতভাবে সমৃদ্ধ করার ওপরও জোর দেন তিনি।

টেলিযোগাযোগ খাতের সক্ষমতা বাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, নতুন প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাশ্রয়ী, মানসম্মত ও জনবান্ধব টেলিযোগাযোগসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আশরাফ হোসেন। সভার শুরুতে মন্ত্রী টেলিযোগাযোগ অধিদপ্তরে অবস্থিত সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া সভায় ২৭তম বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারের নবনিযুক্ত সহকারী বিভাগীয় প্রকৌশলীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি খাতের উন্নয়নে তাদের প্রত্যাশা ও কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।