সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব টঙ্গীর টি অ্যান্ড টি বাজারে দলীয় কার্যালয় প্রাঙ্গণে টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৪৬ নম্বর (সংশোধিত ৪৭) ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও বৃহত্তর টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আইয়ুব আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শামিম খান। এতে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লেয়াকত হোসেন, ৫৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি লিয়াকত আলী পাঠান এবং আব্দুল মালেক মুন্সি মডেল একাডেমির প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আল আকসা মসজিদের খতিব হাফেজ জয়নাল আবেদিন দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসের এক অবিসংবাদিত ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছেন।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নেতাকর্মীরা দেশ ও জনগণের কল্যাণে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!