ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। একই সঙ্গে নির্মাণকাজের গতি বাড়ানো এবং প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত জটিলতা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় প্রকল্পের বিভিন্ন প্যাকেজের বর্তমান ভৌত ও আর্থিক অগ্রগতি, মাঠপর্যায়ের কাজের অবস্থা, নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেতু সচিব বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি সাভার, আশুলিয়া, বাইপাইল ও ইপিজেড এলাকার সঙ্গে ঢাকার প্রবেশগম্যতা বাড়বে এবং সামগ্রিক যানজট নিরসনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগের মাধ্যমেও রাজধানীর যানজট কমাতে এটি কার্যকর হবে বলে জানান তিনি।
সভায় নির্মাণাধীন এলাকায় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা, সাইনবোর্ড ও নিরাপত্তাবেষ্টনী নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া প্রকল্পের অবশিষ্ট অংশের ভূমি অধিগ্রহণ দ্রুত শেষ করা এবং পাইপলাইন, বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগের ভূগর্ভস্থ ইউটিলিটি লাইন দ্রুত স্থানান্তরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
প্র প্রকল্পের কাজের মান ও গতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য প্রজেক্ট স্টিয়ারিং কমিটি, পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ সাইট পরিদর্শন এবং মাসিক সমন্বয় সভা করার পরামর্শ দেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্পের চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধান করে ২০২৮ সালের জুনের মধ্যে কাজ শেষ করার জন্য সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়।
সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, প্রকল্প পরামর্শক এবং সংশ্লিষ্ট দেশি-বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!