এনডিটিভি জানিয়েছে, ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপাতি বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা। এর ফলে আদালতে চলমান তাদের বিচ্ছেদ মামলার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ও এটি বাতিল ঘোষণা করা হয়েছে।

চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি পারস্পরিক মতপার্থক্যের কথা উল্লেখ করার পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত বাসভবনে বসবাসের অনুমতি প্রার্থনা করেছিলেন। গত ১৫ জুন সঙ্গীতা নিজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে আবেদনটি প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে শুক্রবারের (৭ আগস্ট) আদেশে মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।

এর আগে গত মাসে নির্ধারিত শুনানিতে বিজয় বা সঙ্গীতা—কেউই আদালতে উপস্থিত হননি। তাদের আইনজীবীরা জানিয়েছিলেন, সশরীরে উপস্থিত হওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।

উল্লেখ্য, প্রায় তিন দশক ধরে চাসংসারের পর ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। এই দম্পতির ঘরে একটি ছেলে (জন্ম ২০০০) ও একটি মেয়ে (জন্ম ২০০৫) রয়েছে। তবে ২০২৩ সাল থেকে বিভিন্ন জনসভায় সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের দাম্পত্য কলহ ও বিচ্ছেদের গুঞ্জন গণমাধ্যমে আলোচনায় আসে। সবশেষ ২০২৫ সালে বিজয়ের দল টিভিকে-র দ্বিতীয় রাজ্য সম্মেলনেও তার অনুপস্থিতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল।